এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ 'বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম'-এ এই আশ্বাসের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
ফোরামে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন যে, জ্বালানি খাতের অংশীদারিত্ব এখন চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ। তিনি বলেন, "বাংলাদেশ বর্তমানে জ্বালানি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি বেছে নেওয়া বাংলাদেশের জন্য একটি দূরদর্শী সিদ্ধান্ত।"
চীন বর্তমানে বিশ্বে পরিচ্ছন্ন জ্বালানি বা ক্লিন এনার্জি উৎপাদনে শীর্ষে রয়েছে। রাষ্ট্রদূত জানান, চীন তার এই বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার ও সম্পূর্ণ ‘শিল্প-চেইন’ বাংলাদেশের সাথে ভাগ করে নিতে আগ্রহী।
সূত্র: সিএমজি