মে ২, সিএমজি বাংলা ডেস্ক: জাপান যদি আবার সামরিকতাবাদের মন্দ পথে ফিরে যায়, তবে তারা অতীতের মতোই ভয়াবহ পরাজয়ের মুখে পড়বে—এমন সতর্কবার্তা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বেইজিংয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাও সিয়াওকাং এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতিহাসে জাপানি সামরিকতাবাদীরা আগ্রাসী যুদ্ধ চালিয়ে অসংখ্য নৃশংস অপরাধ করেছে।
চীনের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে জাপানের ডানপন্থী শক্তিগুলো দেশের শান্তিবাদী সংবিধানের সীমাবদ্ধতা পাশ কাটিয়ে দ্রুত সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করার উদ্যোগ নিচ্ছে।
চীনা মুখপাত্র অভিযোগ করেন, জাপানের কিছু নেতা তাইওয়ান প্রশ্নে ভুল বক্তব্য দিচ্ছেন এবং তথাকথিত ‘সমষ্টিগত আত্মরক্ষার অধিকার’ ব্যবহার করে সামরিকভাবে জড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি জাপানের আত্মরক্ষা বাহিনীর একটি জাহাজ তাইওয়ান প্রণালি অতিক্রম করে উত্তেজনা সৃষ্টি করেছে। পাশাপাশি জাপানে চীনা দূতাবাসে এক জাপানি সামরিক কর্মকর্তার ছুরি নিয়ে ঢুকে পড়ার ঘটনাকেও গুরুতর বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ১০ এপ্রিল প্রকাশিত ২০২৬ সালের কূটনৈতিক ‘নীল বইতে’ জাপান সরকার চীনের সঙ্গে সম্পর্কের বর্ণনাকে আগের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর একটি’ থেকে নামিয়ে ‘একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ’-এ নামিয়ে এনেছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি