ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চলমান বসন্ত উৎসবের ছুটিতে ভ্রমণ, অবকাশ ও ভোগব্যয়ে একাধিক রেকর্ড ভেঙেছে চীন। দেশজুড়ে মানুষ টানা ৯ দিনের ছুটি কাজে লাগানোয় অর্থনীতি ও পর্যটন খাত পেয়েছে বড় গতি।
চায়না স্টেট রেলওয়ে গ্রুপ শুক্রবার প্রায় দেড় কোটি যাত্রী ভ্রমণের পূর্বাভাস দিয়েছে এবং অতিরিক্ত ১,৪৬৯টি ট্রেন চালু করেছে। ২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত সময়ে আন্তঃআঞ্চলিক যাত্রা ৯৫০ কোটি বার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
এ বছর বিশেষভাবে ‘সিলভার ইকোনমি’ বা বয়স্কদের অর্থনীতি সক্রিয় হয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের বিমান ভ্রমণ বুকিং বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ছুনার প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, বসন্ত উৎসবে বেইজিংগামী বিমানের যাত্রীদের ২০ শতাংশের বয়স ৫০ বছরের বেশি এবং ৬০ বছরের বেশি যাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় ১ দশমিক ৬ গুণ বেড়েছে।
অবকাশ খাতেও বড় প্রবৃদ্ধি দেখা গেছে। শুক্রবার পর্যন্ত চীনের মোট বক্স অফিস আয় ৬০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। বসন্ত উৎসব মৌসুমেই এসেছে ৩৪০ কোটি ইউয়ানের বেশি। জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পেগাসাস ৩’, ‘স্কেয়ার আউট’ এবং ‘বুনি বেয়ার্স: দ্য হিডেন প্রোটেক্টর’।
পরিবারভিত্তিক ভ্রমণে বেইজিং ইউনিভার্সাল রিসোর্ট ও শাংহাই ডিজনিল্যান্ড তালিকার শীর্ষে আছে। একই সময়ে চীনা পর্যটকরা বিশ্বের ৪৭৫টি শহরে ভ্রমণ করেছেন, যার মধ্যে ব্যাংকক, কুয়ালালামপুর ও সিউল শীর্ষ গন্তব্য।
বিদেশিদের মধ্যেও চীনা নববর্ষ উদযাপনের আগ্রহ বেড়েছে। জাতীয় অভিবাসন প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী, ছুটির সময় প্রতিদিন গড়ে ২০ লাখ ৫০ হাজারের বেশি মানুষ চীনে প্রবেশ ও প্রস্থান করবে, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ১ শতাংশ বেশি।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছুটির প্রথম চার দিনে বড় খুচরা ও রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের দৈনিক বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, 'বিকামিং চাইনিজ' ট্রেন্ডও হয়েছে আরও জনপ্রিয়। ‘চীনা নববর্ষের আমেজ’ উপভোগ করার পাশাপাশি বিদেশিদের মাঝে চীনা সংস্কৃতির প্রতি কৌতুহলও বেড়েছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
Advertisement