মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বৃহস্পতিবার বলেছেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। পাশাপাশি সংলাপ ও যোগাযোগ জোরদার করা, সব পর্যায়ের বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং দুই দেশের মধ্যে আরও বাস্তবধর্মী সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করতে চায় বেইজিং।
বেইজিংয়ে সফররত মার্কিন সিনেটর স্টিভ ডেইন্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সিনেটরদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন লি।
লি বলেন, 'চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন কৌশলগত দিক-নির্দেশনা নির্ধারণ করেছে। তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণ অব্যাহতভাবে বাড়াতে এবং বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।
লি আরও বলেন, 'অভিজ্ঞতা বারবার প্রমাণ করেছে যে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার নীতিতে অটল থাকাই দুই বৃহৎ দেশের পারস্পরিক সম্পর্ক পরিচালনার সঠিক পথ।'
তিনি আশা প্রকাশ করেন, 'যুক্তরাষ্ট্রও একই লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কাজ করবে এবং সংঘাত ও জয়-পরাজয় প্রতিযোগিতার পরিবর্তে সংলাপ ও পারস্পরিক লাভজনক সহযোগিতার পথ অনুসরণ করবে। একই সঙ্গে স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে। এটি উভয় পক্ষের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাইওয়ান প্রশ্ন চীনের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত এবং এ বিষয়ে একটি 'রেড লাইন' রয়েছে যা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে কখনোই অতিক্রম করা উচিত নয়। তিনি বলেন, 'আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সামগ্রিক স্বার্থ বিবেচনা করে চীন-সংক্রান্ত বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করবে এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠু ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সাকিব/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া