চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশ সফরকালে বিকল্প জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
বুধবার সানিয়া শহরে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জারদারি দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। ২৫ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত চীন সফরে রয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি। এই সফরের লক্ষ্য হলো-দু’দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা। এর আগে তিনি চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশ সফর শেষে মঙ্গলবার হাইনানে যান।
বৈঠকে জারদারি চীনের শীর্ষ শিল্পগোষ্ঠী হাংচৌ চিনচিয়াং গ্রুপকে বিকল্প জ্বালানি, পানি শোধন এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি ব্যবস্থা খাতে বিনিয়োগের আহ্বান জানান। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব জ্বালানি এবং রাসায়নিক উৎপাদনে বিশেষজ্ঞ।
এ বছর চীন-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী পালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে দু’দেশের সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন সংশ্লিষ্টরা।
সূত্র: সিএমজি বাংলা