বৃষ্টির পরের শীতল আবহাওয়া আর ভেজা ঘাস সব মিলিয়ে দারুণ সময় পার করছে বিশ্বের একমাত্র বন্দি অবস্থায় থাকা বাদামি পান্ডা 'ছি চাই' । চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরের একটি সায়েন্স পার্কে তার এই আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়েছে।
সায়েন্স পার্কের সবুজ ঘেরা উন্মুক্ত চত্বরে ছি চাই-এর বিচরণ ছিল দেখার মতো। বৃষ্টির পর ভেজা মাটির ঘ্রাণে সে যেন প্রাণ ফিরে পায়। ঘুরে বেড়ানোর এক পর্যায়ে তাকে ভেজা ঘাসের ওপর একের পর এক ডিগবাজি খেতে দেখা যায়।
সি’আন শহরের চৌচি কাউন্টিতে অবস্থিত এই বিশেষ সায়েন্স পার্কটি মূলত ছিনলিং পর্বতমালার চারটি বিরল বন্যপ্রাণী রক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই চারটি প্রজাতি হলো: ১. জায়ান্ট পান্ডা ২. ক্রেস্টেড আইবিস ( এক প্রজাতির পাখি) ৩. গোল্ডেন মাঙ্কি (সোনালী বানর) ৪. তাকিন (পাহাড়ি ছাগল বা গরুর মতো প্রাণী)
সাধারণত পান্ডারা সাদা-কালো রঙের হলেও ছি চাই-এর গায়ের পশম বাদামি ও সাদা। এটি বিশ্বের অত্যন্ত বিরল একটি জেনেটিক বৈচিত্র্য, যা একে সারা বিশ্বের বন্যপ্রাণী প্রেমীদের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া