মে ১৩: চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি, গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের সাথে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে চাও ল্য চি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট রাহমনের কৌশলগত নির্দেশনায়, দু’দেশের সম্পর্ক এক উল্লম্ফনমূলক উন্নয়ন অর্জন করেছে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্যের আলোকে, চীন তাজিকিস্তানের সাথে কৌশলগত পারস্পরিক আস্থা গভীর করতে, বাস্তবসম্মত সহযোগিতা প্রসারিত করতে, চীন-মধ্য এশিয়া সহযোগিতার উচ্চ-মানের উন্নয়নকে উত্সাহিত করতে, এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, অভিন্ন নিয়তি ও পারস্পরিক সুবিধা দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত চীন-তাজিকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে কাজ করতে ইচ্ছুক। এনপিসি চীন-তাজিকিস্তান সম্পর্কের দীর্ঘমেয়াদী, সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য আইনি নিশ্চয়তা প্রদানে তাজিক সংসদের সাথে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও জানান তিনি।
জবাবে রাহমন বলেন, তাজিকিস্তান দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলে এবং প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে পূর্ণ সমর্থন করে। তাজিকিস্তান চীনের আধুনিকীকরণের মহান সাফল্যে সন্তুষ্ট এবং রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে, আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান গভীর করতে, এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমাগত আরও সুসংহত করতে ইচ্ছুক। (রুবি/আলিম/সুবর্ণা)