মে ১৩: ব্রুনেইয়ের যুবরাজ হাজি আল-মুহতাদি বিল্লাহ, গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে, চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে হান চেং বলেন, চীন ও ব্রুনেইয়ের মৈত্রী হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানে অনেক উন্নত হয়েছে। গত বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলখিয়া, দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনের প্রশ্নে, গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নতুন পরিকল্পনা রচনা করেন।
তিনি বলেন, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। চীন ব্রুনেইয়ের সাথে দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে, দু’দেশের ঐতিহ্যিক মৈত্রী উত্তরাধিকার করতে, এবং কৌশলগত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
হান চেং আরও বলেন, দু’দেশের উচিত পারস্পরিক কেন্দ্রীয় স্বার্থের সাথে জড়িত ব্যাপারে একে অপরকে সমর্থন দিয়ে যাওয়া; যৌথভাবে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগের কাঠামোতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা; এবং এআই প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, জ্বালানিসম্পদ, কৃষিসহ বিভিন্ন খাতের সহযোগিতা সম্প্রসার করা। পাশাপাশি, দু’দেশের উচিত পর্যটন, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান বাড়ানো, যাতে যৌথভাবে বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং চীন ও আসিয়ানের অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আর আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাস্তবায়নের কাজে অতিরিক্ত গতি সঞ্চার করা যায়।
বৈঠকে হাজি আল-মুহতাদি বিল্লাহ চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, দু’দেশের মৈত্রী সুদীর্ঘকালের; বাস্তব সহযোগিতার সাফল্যও উল্লেখযোগ্য। ব্রুনেই দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে এবং দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষ্যে জ্বালানিসম্পদ, কৃষি, ক্রীড়াসহ বিভিন্ন খাতে চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত কয়েকটি বৈশ্বিক প্রস্তাব সমর্থন করে তার দেশ এবং চীনের সাথে ঘনিষ্ট সহযোগিতা করে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে আগ্রহী। (সুবর্ণা/আলিম/রুবি)