: বর্তমান বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক স্থিতিশীল রাখার ক্ষেত্রে রাশিয়া ও চীনের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পুতিন বলেন, রাশিয়া ও চীনের মতো রাষ্ট্রগুলোর মধ্যকার সহযোগিতা নিছক কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়; বরং এটি বিশ্বজুড়ে অস্থিরতা দমনে একটি প্রতিবন্ধক এবং স্থিতিশীলতা বজায় রাখার অন্যতম প্রধান শক্তি।
সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, চীন বর্তমানে রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের বহুমুখীকরণের ওপর জোর দিয়ে বলেন, উচ্চ-প্রযুক্তি শিল্পে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ছাড়া জ্বালানি খাতে সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি জানান, তেল ও গ্যাস সহযোগিতায় দুই দেশ একটি 'বড় পদক্ষেপ' নেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ের ঐকমত্যে পৌঁছেছে।
ইউক্রেন সংকট নিরসনে নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করতে আগ্রহী। তবে এই বৈঠক কেবল মস্কোতেই হতে হবে এমন নয়, তৃতীয় কোনো দেশেও হতে পারে।
পুতিন শর্তারোপ করে বলেন, ‘এই বৈঠক তখনই সম্ভব যখন একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানো যাবে। এই চুক্তিটি অবশ্যই দীর্ঘমেয়াদী ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রণয়ন করতে হবে।’ তিনি আরও বলেন, কোনো আলোচনার প্রাথমিক পর্যায় হিসেবে নয়, বরং শান্তি চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষরের জন্যই কেবল এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সূত্র: সিএমজি বাংলা