Saturday, September 26, 2026
Live

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে অস্থিরতার কারণে বাংলাদেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম আলী আশরাফ।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর ‘ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন বাংলাদেশ’ শীর্ষক সেশনে তিনি এ বিষয়ে একটি উপস্থাপনা করেন।

উপস্থাপনায় অধ্যাপক আলী আশরাফ বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তাকে প্রভাবিত করছে না, এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য ও অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক ‘চেক পয়েন্ট’গুলোতে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি জ্বালানি ও আমদানি-নির্ভর সরবরাহব্যবস্থার ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির দাম, পরিবহন ব্যয়, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে তেল ও গ্যাস মজুত সক্ষমতা বাড়ানো, সরবরাহব্যবস্থাকে আরও স্থিতিশীল করা এবং জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।

অধ্যাপক আলী আশরাফ বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে এ বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামোগত প্রয়োজনের সঙ্গে চীনের শিল্প ও বিনিয়োগ সক্ষমতার সমন্বয় ঘটানো গেলে তা জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে।

তিনি বিশেষভাবে তেল ও গ্যাস সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণে চীনের শিল্প সক্ষমতা ও বিনিয়োগকে কাজে লাগানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের উৎপাদনশীল শিল্প, অবকাঠামো এবং রপ্তানি সক্ষমতা বাড়াতেও চীনের অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ হতে পারে বলে জানান।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় উৎপাদন, সরবরাহ ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা শক্তিশালী করতে হবে।‘

অধ্যাপক আলী আশরাফের মতে, পরিবর্তিত আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশের জন্য শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার কৌশল নির্ধারণও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করে বাস্তব-ভিত্তিক উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.