মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে, তিনি ইরানি পক্ষের সাথে বৈঠকের জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাওয়া মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি কূটনৈতিক প্রতিনিধিদল একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ সফর শেষে পাকিস্তান ত্যাগ করার পর ট্রাম্প বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত সফর বাতিল করেন।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, “ভ্রমণে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে, অনেক বেশি কাজ! এর পাশাপাশি, তাদের ‘নেতৃত্বের’ মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব এবং বিভ্রান্তি রয়েছে। তারা নিজেরাসহ কেউই জানে না যে দায়িত্বে কে আছে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে, “সব কার্ড আমাদের হাতে, তাদের হাতে কিছুই নেই। তারা যদি কথা বলতে চায়, তবে তাদের শুধু একটি ফোন করলেই হবে।”
এর আগে শনিবার, ট্রাম্প ফক্স নিউজকে বলেন যে, তিনি দ্বিতীয় দফার আলোচনার জন্য পরিকল্পিত সফরটি বাতিল করেছেন এবং ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্র যখন সবদিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তখন মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তানে ১৮ ঘণ্টার বিমানযাত্রা করার কোনো মানে হয় না।
হাশিম/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন।