গতকাল (শুক্রবার) তথা মে দিবসের ছুটির প্রথম দিনে, চীনে দেশজুড়ে পরিবহন খাত ছিল স্থিতিশীল। এদিনি মহাসড়কগুলোতে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আজ (শনিবার) জননিরাপত্তা মন্ত্রণালয়ের পরিবহন পরিচালনা ব্যুরো এ তথ্য জানায়।
ব্যুরো জানায়, যান চলাচল মূলত দর্শনীয় স্থানগুলোর আশেপাশে কেন্দ্রীভূত ছিল এবং বেইজিং-থিয়ানচিন-হেপেই, ইয়াংজি নদী ব-দ্বীপ, চুচিয়াং নদী ব-দ্বীপ এবং ছেংতু-ছংছিংসহ শহরগুলো থেকে বের হওয়া মহাসড়কগুলোর কিছু অংশে যান চলাচল ধীরগতির ছিল।
ছুটির এই বিপুল যান চলাচলের কারণে সৃষ্ট গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জননিরাপত্তা পরিবহন পরিচালনা বিভাগগুলো সক্রিয়ভাবে ব্যবস্থা নেয়। আগাম বিশ্লেষণ ও মূল্যায়ন পরিচালনা, পরিকল্পনা ও জরুরি পরিকল্পনা প্রণয়ন, এবং রাস্তায় পর্যাপ্ত পুলিশ ও সরঞ্জাম মোতায়েন করা হয়। ছুটির প্রথম দিনের সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী সামগ্রিক সড়ক পরিবহন নিরাপত্তা পরিস্থিতি ছিল স্থিতিশীল এবং পাঁচ বা ততোধিক মৃত্যুর কোনো বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। (ছাই/আলিম/প্রেমা)