চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) ম্যাকাও গ্যারিসনের ২০তম ‘ওপেন ডে’ উপলক্ষে তাইপা ব্যারাক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজনে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং আধুনিক জীবনযাত্রার এক দুর্লভ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন ম্যাকাওয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পিএলএ’র চৌকস সেনারা তাদের সামরিক দক্ষতা প্রদর্শন করেন। মিক্সড মার্শাল আর্ট, দুর্যোগ মোকাবিলা কৌশল, সমন্বিত যুদ্ধাভিযান এবং কাউন্টার-টেরোরিজম বা সন্ত্রাসবাদ বিরোধী মহড়ার চোখধাঁধানো প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘ইন্টারেক্টিভ জোন’। সেখানে স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি আর্মার্ড ভেহিকল শুটিং সিমুলেটর ব্যবহার এবং মৌলিক রণকৌশলগুলো অনুশীলনের সুযোগ পান।
২০০৫ সাল থেকে শুরু হওয়া এই বারাক উন্মুক্ত করার উদ্যোগ এবার ২০তম বছরে পা দিল। তবে আগের চেয়ে এবারের আয়োজনটি অনেক বেশি আধুনিক। কেবল সেনারা কুচকাওয়াজ দেখাবেন এমন ধারণার বাইরে গিয়ে দর্শনার্থীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি