মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ক্রীড়া সরঞ্জামের ঘাটতিতে ভুগছিল কিউবা। অচলাবস্থা দেখা দিয়েছে তাদের ক্রীড়াখাতে। এ পরিস্থিতিতে অনুদান নিয়ে এগিয়ে এলো চীন। স্থানীয় ক্রীড়াবিদদের সহায়তায় চীনা সরকারের দেওয়া এই অনুদানকে স্বাগত জানিয়েছে কিউবার জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট।
হাভানার সেরো পেলাদো হাই পারফরমেন্স ট্রেনিং স্কুলে এই অনুদান হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও কর্মকর্তারা।
কিউবায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হুয়া সিন বলেন, 'আমি আশা করি এই সরঞ্জামগুলো কিউবান ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। একই সঙ্গে কামনা করি, এমন সহযোগিতা সফলভাবে অব্যাহত থাকবে এবং তা এক অভিন্ন ভবিষ্যতের দিকে কিউবা-চীন সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
ক্রীড়াবিদ প্রশিক্ষণ উচ্চ বিদ্যালয়ের পরিচালক কোরালিয়া মার্কেজ বলেন, 'যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও আমাদের ওপর তেল অবরোধের কারণে নানা কঠিন পরিস্থিতি তৈরি হলেও চীন সবসময় বন্ধুত্বপূর্ণ সহায়তা দিয়ে এসেছে। আজকের এই উদ্যোগ তারই আরেকটি প্রমাণ।'
বারাক ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্কের উষ্ণতা বৃদ্ধিতে ক্রীড়া বিনিময়ের সুযোগ তৈরি হয়েছিল। এর ফলে কিউবান খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগও তৈরি হয়। তবে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটে।
এরপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিউবার জন্য ক্রীড়া সরঞ্জাম এবং স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র ও উচ্চমানের ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সামগ্রী কেনা কঠিন হয়ে পড়ে। এছাড়া কিউবান ক্রীড়াবিদদের ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বিত করা এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন ও অংশগ্রহণে বিধি-নিষেধও আরোপ করা হয়েছে।
সুপার হেভিওয়েট আইবিএ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ী ফার্নান্দো আরজোলা বলেন, 'এসব আমাদের ওপর প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের বর্তমান তেল অবরোধের কারণে রাতে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যা আমাদের দৈনন্দিন প্রশিক্ষণে ব্যাঘাত ঘটায়। চীনের এই অনুদান আমাদের খুবই জরুরি কিছু সামগ্রী সরবরাহ করেছে।'
২০২৩ সালের প্যান আমেরিকান গেমসের স্বর্ণজয়ী মিলাইমিস ম্যারিন বলেন, 'ক্রীড়া প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ায় চীনের প্রতি আমরা কৃতজ্ঞ। যেমন আমাদের কুস্তি লড়াইয়ের জুতা, জুডোর কিমোনো, বাস্কেটবলসহ নানা সামগ্রীর প্রয়োজন। এগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সহজলভ্য নয়।'
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের থাই ছি পরিবেশনার পাশাপাশি স্কুল শিক্ষার্থীরাও রিদমিক জিমন্যাস্টিকসও প্রদর্শন করে।
সাকিব/ জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি