এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো যুদ্ধ শেষ হয়নি বলে ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ার করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে বলে আমরা মনে করি না। যুদ্ধবিরতি আমাদের কাছে কেবল যুদ্ধক্ষেত্রের সাময়িক নীরবতা। যুক্তরাষ্ট্র ও প্রতিপক্ষদের প্রতি অবিশ্বাসের কারণে ইরান এখনো আগের মতোই সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
ইরান যখন এ কথা বলেছে তখন দেশটির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্প ইরানের সাম্প্রতিক শান্তি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করায় নতুন করে প্রস্তাব তৈরির কাজ করছে তেহরান।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এসেছে, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে সংশোধিত প্রস্তাব জমা দিতে পারে ইরানি কর্তৃপক্ষ।
এ পরিস্থিতির মাঝেও ইরানের আর্থিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
লুৎফর/সাকিব
তথ্য ও ছবি: সিজিটিএন