এপ্রিল ২৮: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর, আজ (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক বার্তায় রাশিয়ার প্রদর্শিত সংহতির জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে কূটনৈতিক উপায়ে সংঘাত নিরসনে রাশিয়ার সমর্থনকে তিনি স্বাগত জানিয়েছেন।
আরাকচি তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন, "আঞ্চলিক পরিস্থিতির এই চরম অস্থিরতার সময়ে রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পেরে আমি আনন্দিত। সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে যে, আমাদের (ইরান ও রাশিয়া) মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব কতটা গভীর ও শক্তিশালী।" আরাকচি তার বার্তার সাথে প্রেসিডেন্ট পুতিন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠকের ছবিও প্রকাশ করেছেন।
আরাকচি সোমবার জানান, সেন্ট পিটার্সবুর্গে পুতিনের সাথে তার বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং এটি অত্যন্ত "ফলপ্রসূ" ছিল। ক্রেমলিন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আরাকচির সাথে আলাপকালে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া তার সাধ্যমতো সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।
সূত্র: সিএমজি