জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: অন্তর্বর্তী শান্তি চুক্তির মাত্র দুই সপ্তাহ পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতি। সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। পাল্টাপাল্টি এই হামলা গত দুই দিন ধরে চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি মানার সুযোগ পেয়েও তা লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাবে।
সেন্টকম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের ধারাবাহিক হামলার জবাবে দেশটির নজরদারি, যোগাযোগ, আকাশ প্রতিরক্ষা, ড্রোন সংরক্ষণ ও সমুদ্রে মাইন স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি ভঙ্গের অভিযোগ তুলে বাইরাইন ও কুয়েতের মার্কিন-সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে।
আজাদ/ হাশিম
তথ্য ও ছবি: সিজিটিএন।