মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবের ইরানের জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লিখেন,‘ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়েছি আমি। এটি আমার পছন্দ হয়নি।’
তবে, সম্ভাব্য শান্তিচুক্তির প্রশ্নে ইরানের পাঠানোর জবাবের ঠিক কোন বিষয়কে ট্রাম্প অগ্রহণযোগ্য বলেছেন তা তিনি স্পষ্ট করেননি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সবশেষ শান্তি প্রস্তাবের জবাবটি রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পাঠিয়েছে তেহরান। অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, তেহরানের জবাব অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা এবং রাজনৈতিক সমঝোতার আওতায় আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাথমিক সমঝোতার পর ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ৩০ দিনের সময়সীমা এবং জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে তেহরান।
ইরানের এক সূত্র জানিয়েছে যে, ট্রাম্পের এই প্রত্যাখ্যান কোনো গুরুত্ব বহন করে না। সূত্রটি দাবি করেছে, ট্রাম্পকে খুশি করার জন্য ইরানে কেউ কোনো প্রস্তাব লিখেনি বরং ইরানের আলোচক দল কেবল ইরানি জনগণের অধিকারের বিষয়টি বিবেচনায় রেখেই পরিকল্পনা প্রণয়ন করেছে।
লুৎফর/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন