মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে শুরু হয়েছে ৩৬তম ম্যাকাও শিল্পকলা উৎসব। শুক্রবার ম্যাকাও কালচারাল সেন্টারে উদ্বোধন হওয়া এই উৎসবে সিল্ক রোডের সাংস্কৃতিক বন্ধন ও আন্তর্জাতিক শিল্প বিনিময়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, উদ্বোধনী অনুষ্ঠানে মধ্য এশিয়ার সিল্ক রোডের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে কাজাখস্তানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। প্রাণবন্ত সেই পরিবেশনায় জাতিগত বৈশিষ্ট্য ও ঐতিহ্যের ছাপ ছিল স্পষ্ট। এ ছাড়া স্থানীয় নৃত্যদলও মঞ্চে অংশ নিয়ে পরিবেশনাকে আরও বৈচিত্র্যময় করে তোলে।
ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর উদ্যোগে আয়োজিত এবারের উৎসবের প্রতিপাদ্য ‘নিউ স্ট্রিমস অব ইনস্পিরেশন’। এতে মোট ১৫টি নির্বাচিত পরিবেশনা ও ৯টি আউটরিচ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর প্রধান লিওং ওয়াই মান বলেন, এবারের উৎসবে ইতালি, পর্তুগাল, কাজাখস্তানসহ বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নিয়েছেন।
আয়োজকদের মতে, এই উৎসব ম্যাকাওয়ের ঐতিহাসিক ভূমিকা—বিশেষত সামুদ্রিক সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে—পুনরায় তুলে ধরছে এবং বিভিন্ন সংস্কৃতির শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসছে। উৎসবটি চলভে ২৭ জুন পর্যন্ত।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: সিনহুয়া।