মে ২, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং উত্তর-পশ্চিম চীনের ঐতিহাসিক শহর সি’আনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। এপ্রিলের শেষ দিকে চালু হওয়া এই নতুন রুটটি দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
সি’আন থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটটি গত ২০ এপ্রিল ভিয়েনা বিমানবন্দরে পৌঁছালে সেটিকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার স্যালুট’ দিয়ে স্বাগত জানানো হয়। করোনা মহামারির পর এই প্রথম চীন ও অস্ট্রিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ প্রাক-মহামারি পর্যায়ের উচ্চতায় পৌঁছালো। বর্তমানে ভিয়েনা থেকে বেইজিং, শাংহাই, শেনচেন, ছেংতু এবং সি’আনে প্রতি সপ্তাহে ২০টিরও বেশি সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ভিয়েনা বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অনেক যাত্রী ওই অঞ্চলের ট্রানজিট হাবগুলো এড়িয়ে চলছেন। এই পরিস্থিতিতে ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি এই বিমান রুটটি একটি নিরাপদ এবং দ্রুততর বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।
সি’আনের বিখ্যাত ‘টেরাকোটা আর্মি’ দেখতে যেমন ইউরোপীয় পর্যটকরা উন্মুখ, তেমনি ভিয়েনার রাজকীয় প্রাসাদগুলো আকর্ষণ করছে চীনা দর্শকদের।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া