মে ২, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দিয়ে নৌচলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, এই কৌশলগত জলপথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চালানো ‘অবৈধ যুদ্ধের’ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ফু বলেন, এই সংঘাতের ফলে ইরানের জনগণ এবং প্রতিবেশী দেশগুলো ব্যাপক দুর্ভোগে পড়েছে। পাশাপাশি বিশ্ব তেলবাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বড় চাপ পড়েছে।
তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। একই সঙ্গে ইরানকে প্রণালীর ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
যুদ্ধ শুরুর পর প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজের পরিবর্তে এখন ১০টিরও কম জাহাজ পার হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ রয়্যাল নেভি।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি