মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের টেলিযোগাযোগ ব্যবস্থা বা ৬জি প্রযুক্তি উদ্ভাবনে বড় মাইলফলক অর্জন করল চীন। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি ৬জি প্রযুক্তির উন্নয়নের জন্য '৬ গিগাহার্টজ' তরঙ্গ ব্যবহারের অনুমোদন দিয়েছে।
এর ফলে তারা চীনের নির্দিষ্ট কিছু অঞ্চলে ৬জি প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন যে মানদণ্ড ও নিয়ম ঠিক করে দিয়েছে, সেই অনুযায়ী ৬জি কতটা দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে, তা যাচাই করে দেখাই এই পদক্ষেপের আসল উদ্দেশ্য।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই তরঙ্গ বরাদ্দ চীনের ৬জি গবেষণার গতিকে ত্বরান্বিত করবে। এর ফলে, ৬জির আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে চীন আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্র ও হার্ডওয়্যার তৈরিতে গতি আসবে। দেশটির সামগ্রিক তথ্যপ্রযুক্তি খাতের উচ্চমানসম্পন্ন উন্নয়ন নিশ্চিত হবে।
বিশেষজ্ঞদের মতে, ৬জি প্রযুক্তিতে ৫জির তুলনায় অনেক বেশি দ্রুতগতি এবং অতি-স্বল্প ল্যাটেন্সি পাওয়া যাবে, যা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট শহর ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি