২০২৬ সালের মধ্য-শরৎ উৎসবের বিশেষ গালা অনুষ্ঠান আয়োজন করা হবে পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াইনান শহরে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি।
সিএমজি জানায়, এবারের আয়োজনেও সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় ঐতিহ্য এবং পর্যটনের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
হুয়াই নদী অববাহিকায় অবস্থিত হুয়াইনান শহরকে চীনা সভ্যতা ও চীনা লিপির অন্যতম উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। শহরটি হুয়াই নদী সভ্যতার গুরুত্বপূর্ণ জন্মস্থানগুলোর একটি।
হুয়াইনান শহরের প্রচার বিভাগের পরিচালক চাও শিয়াওমিং বলেন, আমরা আশা করি, সিএমজির ক্যামেরার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের চীনারা হুয়াই নদীর ওপর উজ্জ্বল চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং হুয়াইনানের উষ্ণতা অনুভব করবেন।
এবারের গালায় হুয়াই নদী সভ্যতাকে বিশেষভাবে তুলে ধরা হবে। পাশাপাশি হুয়াইনানের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক নগরজীবনের পরিচয়ও উপস্থাপন করা হবে।
প্রখ্যাত সুরকার শু নান বলেন, “আমি মধ্য-শরৎ উৎসব গালার একজন নিয়মিত দর্শক। আমার বিশ্বাস, এই অনুষ্ঠান প্রতিবছর আরও বর্ণিল ও চমৎকার হয়ে উঠতে পারে।”
মধ্য-শরৎ উৎসব চীনের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। চীনা চান্দ্র পঞ্জিকার অষ্টম মাসের ১৫তম দিনে পূর্ণিমার রাতে এ উৎসব উদযাপন করা হয়, যা পারিবারিক পুনর্মিলনের প্রতীক হিসেবে পরিচিত। চলতি বছর উৎসবটি পালিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিসিটিভি।