জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার ‘চায়না ইয়ার’-এর অন্যতম প্রধান আয়োজন এপেক চায়না সিইও ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই ফোরামে ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং চীনের উন্নয়নের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন।
এপেক কাঠামোর আওতায় আয়োজিত এই ফোরামটি অর্থনীতি, অর্থায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নীতিনির্ধারকদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
ফোরামে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের জন্য চীন পরিষদ-এর চেয়ারম্যান রেন হংপিন বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের জন্য উন্মুক্ততার নীতি বজায় রাখতে হবে, সংযোগ বৃদ্ধি করতে হবে এবং উদ্ভাবনভিত্তিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
ফোরামের লক্ষ্য হলো ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে উচ্চমানের সুপারিশ প্রণয়নের মাধ্যমে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক -এর প্রস্তুতি জোরদার করা।
এপেক সচিবালয়ের নির্বাহী পরিচালক বলেন, চলতি বছরে চীন উৎপাদনশীলতা ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোতে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একটি ঐকমত্য গড়ে তুলতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফোরামটি এ বছরের চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ফোরামের পরদিন শুরু হওয়া এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিনিধিরা প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
ঐশী/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।