দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) বনবিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ বন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি গ্রহণের মাধ্যমে মঙ্গলবার শেষ হয়েছে।
দুই দিনব্যাপী এই বৈঠকে অ্যাপেকভুক্ত ২১টি অর্থনীতির পাশাপাশি সাতটি আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি, বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন। তারা বৈশ্বিক বন সংরক্ষণ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি এবং সবুজ শিল্পের সঙ্গে বৈজ্ঞানিক উদ্ভাবনের সমন্বয় নিয়ে মতবিনিময় করেন।
‘সবুজ এশিয়া-প্যাসিফিক গঠন, পরিবেশগত কল্যাণের অংশীদারিত্ব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি অ্যাপেক ২০২৬-এর অন্যতম প্রধান আয়োজন।
বৈঠকের অন্যতম প্রধান অর্জন হিসেবে গৃহীত যৌথ বিবৃতিতে অ্যাপেকভুক্ত অর্থনীতিগুলোকে জীববৈচিত্র্য সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং অবৈধ বন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বন শাসন ও টেকসই বন ব্যবস্থাপনাকে উন্নয়ন পরিকল্পনা ও নীতিগত কাঠামোর সঙ্গে
একীভূত করা, নগর বনায়ন সম্প্রসারণ এবং জলসম্পদ ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সূত্র: সিএমজি বাংলা