ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক সেশন।
শনিবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে মডার্ন ক্যান্সার হসপিটাল কুয়াংচৌ, ঢাকা কলেজ এবং জেনেসিস বিডির যৌথ উদ্যোগে ‘এওয়ারনেস সেশন অন মিনিমালি ইনভেসিভ টেকনোলজি অ্যান্ড ক্যান্সার’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এটি চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতের সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মডার্ন ক্যান্সার হসপিটাল কুয়াংচৌর চিফ ফিজিশিয়ান ও ডক্টরাল সুপারভাইজার প্রফেসর ওয়াং লিকেন। তিনি ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, মিনিমালি ইনভেসিভ প্রযুক্তির সুবিধা, দ্রুত রোগ নির্ণয় এবং রোগীভেদে উপযোগী চিকিৎসা পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যৌথভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল কুয়াংচৌ।
সূত্র: সিএমজি বাংলা