আগামীকাল (বৃহস্পতিবার) থেকে, চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে পালিত হবে, এপেক ডিজিটাল সপ্তাহ। আজ (বুধবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি বছর এপেকের চীনবর্ষ। চীন চলতি বছর ১০টির বেশি মন্ত্রী পর্যায়ের সভা ও উচ্চ পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করেছে ও করবে। এর মধ্যে, এপেক ডিজিটাল সপ্তাহ, পশ্চিম চীনের উদ্ভাবনী ও নবায়ন শহর ছেংতুতে পালিত হবে। এটি এপেকের ধারাবাহিক অনুষ্ঠানমালার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় অনুষ্ঠানগুলোর অন্যতম।
লিন চিয়ান আরও বলেন, ভবিষ্যতে চীন এপেকের হোস্ট দেশ হিসেবে, নানান পক্ষের সঙ্গে বিভিন্ন ক্ষেত্র ও ব্যবস্থার আওতায়, সহযোগিতা চালিয়ে যাবে ও মতৈক্য বাড়াবে, যা নভেম্বর মাসে অনুষ্ঠেয় এপেক শীর্ষ সম্মেলনের জন্য ভালো ভিত্তি তৈরি করবে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও অবদান রাখবে।
সূত্র: সিএমজি