টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে চীনের ছয়টি প্রাদেশিক অঞ্চলের ৯টি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। রোববার চীনের পানি সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ইয়ুননান, সিছুয়ান, কুইচৌ, ছোংছিং, হুনান, হ্যপেই, চিয়াংসি, আনহুই ও কুয়াংসি অঞ্চলের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হয়েছে।
এই বৃষ্টিপাত ও উজানের পানির কারণে পাঁচটি প্রাদেশিক অঞ্চলের সাতটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে একটি নদীর পানি বিপদসীমার চেয়ে ৭৫ সেন্টিমিটার বেশি উচ্চতায় প্রবাহিত হয়েছে। এ ছাড়া সিনচিয়াংয়ের আরও দুটি নদীর পানিও সতর্কতা সীমার কিছুটা ওপরে উঠেছে।
পরিস্থিতি মোকাবিলায় লিয়াওনিং ও চিলিন প্রদেশে তৃতীয় স্তরের বন্যা জরুরি সতর্কতা বহাল রাখা হয়েছে। অন্যদিকে কুয়াংতোং, কুয়াংসি, হেইলংচিয়াং, সিছুয়ান, শানতোং, হ্যপেই, হুনান, ছোংছিং ও কুইচৌ অঞ্চলে চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি রয়েছে।
চীনে বন্যা মোকাবিলায় চার স্তরের জরুরি সতর্কতা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে লেভেল-১ সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুতর সতর্কতা হিসেবে বিবেচিত হয়।
সূত্র: সিএমজি বাংলা