জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকের পর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ঘনিষ্ঠ যোগাযোগ এবং বাস্তবধর্মী সহযোগিতা বজায় রেখে আসছে চীন ও যুক্তরাষ্ট্র।
এই প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশই গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চীনের ন্যাশনাল নারকোটিকস কন্ট্রোল কমিশনের নির্বাহী উপ-পরিচালক এবং জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর প্রধান ওয়েই সিয়াওচুন।
ওয়েই সিয়াওচুন জানান, চীন ও যুক্তরাষ্ট্র বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে, মাদকদ্রব্য ও রাসায়নিক পদার্থের নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ তদন্ত, অনলাইন থেকে অবৈধ তথ্য অপসারণ, মাদক অপরাধীদের গ্রেপ্তার ও হস্তান্তর, মাদক সম্পর্কিত অর্থপাচার রোধ এবং ড্রাগ টেস্টিং প্রযুক্তির বিনিময়।
ওয়েই বলেন, ‘আমরা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারণী দপ্তরের সাথে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করছি এবং ভবিষ্যৎ সহযোগিতার অগ্রাধিকারগুলো নির্ধারণ করছি। এছাড়া যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে আমরা বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করেছি এবং মাদক সংশ্লিষ্ট অপরাধীদের প্রত্যাবাসনে সফল হয়েছি।’
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি