চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা ও টাইফুনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ৪৩ কোটি ইউয়ান প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল বরাদ্দ করেছে।
মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এই তহবিল বরাদ্দ করেছে। এর আওতায় কুয়াংসি, চেচিয়াং, হ্যপেই, লিয়াওনিং, থিয়েনচিন, হেইলংচিয়াং, চিয়াংসু, আনহুই, চিয়াংসি এবং সিছুয়ান—এই ১০টি প্রাদেশিক অঞ্চলে সহায়তা দেওয়া হবে।
এর মধ্যে দক্ষিণ চীনের কুয়াংসি অঞ্চলের জন্য অতিরিক্ত ১৫ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে। এর আগে অঞ্চলটির জন্য ১৯ কোটি ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছিল। নতুন এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ স্থানান্তর, অস্থায়ী আবাসন ও জীবনযাত্রার সহায়তা এবং ক্ষতিগ্রস্ত বা ধসে পড়া ঘরবাড়ি মেরামতে ব্যয় করা হবে, যাতে দুর্গত এলাকায় দ্রুত স্বাভাবিক জীবন ও উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার করা যায়।
অন্যদিকে, বাকি ২৮ কোটি ইউয়ান চেচিয়াং, হ্যপেই, লিয়াওনিং, থিয়ানচিন, হেইলংচিয়াং, চিয়াংসু, আনহুই, চিয়াংসি ও সিছুয়ানসহ বাকি নয়টি অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া ও পুনর্বাসন, জরুরি ঝুঁকি মোকাবিলা এবং সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন ও অপসারণের কাজে ব্যবহার করা হবে।
সূত্র: সিএমজি