চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও কানাডার সম্পর্কের উন্নয়ন এবং অগ্রগতি দুই দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দুই দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ওয়াং ই।
ওয়াং ই বলেন, চলতি বছরের শুরু থেকেই চীন-কানাডা সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে। বছরের প্রথম ছয় মাসে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে চীনে কানাডার রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।
ক্যানোলা ও গরুর মাংসের মতো কানাডীয় কৃষিপণ্য আবারও চীনা বাজারে প্রবেশ করেছে। অন্যদিকে চীনের বৈদ্যুতিক যান (ইভি) কানাডার বাজারে প্রবেশ করে দুই দেশের ভোক্তাদের জন্য আরও উন্নত মানের পণ্যের বিকল্প তৈরি করেছে।
দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে কানাডার সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।
ওয়াং ই আরও বলেন, নতুন কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে চীন-কানাডা সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে এবং অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা আনতে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে।
অন্যদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, চীনের সঙ্গে সম্পর্ক কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর একটি। তিনি জানান, কানাডা দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ অনুসরণ করে এবং চীনের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদার করতে চায়।
তিনি আরও বলেন, জ্বালানি, বাণিজ্য, অর্থনীতি ও মাদকবিরোধী সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গভীর করা, জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করে কানাডা-চীন সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় অটোয়া।
বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।
সূত্র: সিএমজি বাংলা