জুলাই ২৩: চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চীনের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো (এসওই) উৎপাদন ও কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রেখেছে। এ সময়ে প্রতিষ্ঠানগুলো মোট ১.৪ ট্রিলিয়ন ইউয়ান মুনাফা অর্জন করেছে। একই সময়ে স্থায়ী সম্পদে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৪.৫ শতাংশ বেড়েছে।
২১ থেকে ২২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত কেন্দ্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধানদের এক সেমিনারে এই তথ্য প্রকাশ করে রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন (এসএএসএসি)।
এসএএসএসি-এর পরিচালক ছেং ফু পো বলেন, চলতি বছরের প্রথমার্ধে কেন্দ্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা সক্রিয়ভাবে মোকাবিলা করেছে এবং টেকসই উন্নয়ন বজায় রেখেছে।
এই সময়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণাও এগিয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেন্দ্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর গবেষণা ও উন্নয়ন ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৩.৮ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারে ৫০টি কেন্দ্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পেয়েছে ১১২টি পুরস্কার।
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের লং মার্চ-১০বি রকেট সফলভাবে প্রথম পর্যায়ের নিয়ন্ত্রণযোগ্য পুনরুদ্ধার সম্পন্ন করেছে। এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার এইচএইচ-২০০ বাণিজ্যিক মনুষ্যবিহীন পরিবহন ব্যবস্থা সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। চায়না এফএডব্লিউ গ্রুপ উচ্চ শক্তি-ঘনত্বের অল-সলিড-স্টেট ব্যাটারি সেলের একটি পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে। স্বাধীনভাবে উচ্চ দক্ষতাসম্পন্ন ফ্লুইডাইজড-বেড হাইড্রোজেন মেটালার্জি প্রযুক্তি উদ্ভাবন করেছে আনস্টিল।
সূত্র: সিএমজি