আনুষ্ঠানিকভাবে 'চীন-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শক ব্যবস্থা' চালু করেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে এই কাঠামোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচ যৌথভাবে সভাপতিত্ব করেন।
উভয় পক্ষই পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বাণিজ্য সংকট নিরসনের লক্ষ্যে একটি 'যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা' গঠনের বিষয়ে একমত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে উভয় পক্ষ তথ্যের আদান-প্রদান এবং বাণিজ্য প্রবাহ পর্যবেক্ষণ করবে, যা দ্বিপাক্ষিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে।
বাণিজ্যিক ভারসাম্য আনার লক্ষ্যে বাজার সুবিধা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশ ট্যারিফ (শুল্ক) এবং নন-ট্যারিফ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য একে অপরের কাছে তালিকা বিনিময় করেছে এবং নির্দিষ্ট উদ্বেগগুলো দূর করতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
যৌথ বিবৃতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার ও কার্যকারিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চীন ও ইইউ উভয়ই জানিয়েছে, ডাব্লিউটিওর কর্তৃত্ব পুনরুদ্ধার এবং বৈশ্বিক বাণিজ্যে সংস্থাটির ভূমিকা শক্তিশালী করতে তারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে।
সূত্র: সিএমজি