কিউবাকে তার নিজের সার্বভৌমত্ব ও বৈধ অধিকার রক্ষায় দৃঢ় সমর্থন দিয়ে যাবে চীন। আজ (মঙ্গলবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, মুখপাত্র কুও চিয়া খুন। মুখপাত্র আরও বলেন, চীন সবসময়ই আন্তর্জাতিক আইনের আওতার বাইরে গিয়ে, যেকোনো ধরনের ভিত্তিহীন ও বেআইনি একতরফা নিষেধাজ্ঞার বিরোধী। চীন কিউবার ওপর নিষেধাজ্ঞা ও সবধরনের বলপ্রয়োগের কৌশল ত্যাগ করতে এবং কিউবার জনগণের বাঁচার ও উন্নয়নের অধিকার লঙ্ঘন না-করতে তাগিদ দেয়।
উল্লেখ্য, গতকাল (সোমবার) কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্র নামক এই পরাশক্তির সামরিক আগ্রাসনের হুমকির শিকার। এ ধরনের হুমকি দেওয়া আন্তর্জাতিক অপরাধ। যদি এ হুমকি বাস্তবায়িত হয়, তবে তা রক্তপাত ঘটাবে ও আঞ্চলিক শান্তিকে নষ্ট করবে। অথচ, যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের বিরুদ্ধে কিউবার আগ্রাসী অভিপ্রায় নেই। তবে, আক্রান্ত হলে নিজেকে রক্ষার পূর্ণ অধিকার কিউবার আছে। এদিকে, একই দিনে, মার্কিন অর্থমন্ত্রণালয় কিউবার গোয়েন্দা সংস্থার ৯ ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে।
(শিশির/আলিম/আকাশ)