জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আগামী কয়েকদিন মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে পাহাড়ি ঢল, ভূমিধস এবং নগরীতে জলাবদ্ধতার ব্যাপারে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন। বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের বিশাল এলাকা জুড়ে এই প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বয় করতে দেশটির ‘স্টেট ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রাউট রিলিফ হেডকোয়ার্টার্স’ এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সাথে একটি জরুরি যৌথ বৈঠক করেছে।
বৈঠকে জানানো হয়, চীনের প্রধান নদীগুলোর মধ্যে পার্ল নদী অববাহিকার লিউচিয়াং নদীতে চলতি বছরের প্রথম বড় বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত ইয়াংজি ও হুয়াই নদীর মধ্যবর্তী অঞ্চল, চিয়াংহান সমভূমি এবং ইয়াংজি নদীর দক্ষিণের এলাকাগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় চিয়াংসু, আনহুই, চিয়াংসি, হুবেই, হুনান, কুয়াংসি, ছোংছিং এবং কুইচৌ—এই ৮টি প্রদেশে বর্তমানে ৪-স্তরের বন্যা নিয়ন্ত্রণ জরুরি অবস্থা বজায় রাখা হয়েছে। অন্যদিকে চেচিয়াং, কুয়াংতোং এবং ইয়ুননান প্রদেশের জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।
প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় এবং জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে দিন-রাত কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিজিটিএন।