জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক : চীন ও লাওস ২০২৬ সালের লানছাং-মেখং সহযোগিতা (এলএমসি) বিশেষ তহবিলের আওতায় একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত এক আয়োজনে লাওসে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফাং হং এবং লাওসের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইথং থাম্মাভংসা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি এবং লাওসের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ফাং হং বলেন, গত এক দশকে এলএমসি ব্যবস্থা একটি ছোট উদ্যোগ থেকে শক্তিশালী ও কার্যকর সহযোগিতা কাঠামোতে পরিণত হয়েছে। তিনি বলেন, চীন “উন্নয়ন অগ্রাধিকার, সমান পরামর্শ, বাস্তববাদী ও দক্ষতা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি” নীতির ভিত্তিতে লাওসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে “লানছাং-মেখং সহযোগিতা ২.০” গড়ে তুলতে চায়, যা ঐক্য, পারস্পরিক লাভ, সবুজ উদ্ভাবন এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, এলএমসি বিশেষ তহবিল আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং জনগণের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রকল্প ব্যবস্থাপনা আরও শক্তিশালী করে তহবিলের সুফল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে চীন লাওসের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
অন্যদিকে, উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইথং থাম্মাভংসা আঞ্চলিক শান্তি ও উন্নয়নে এলএমসির অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, এই সহযোগিতা লাওসের স্থলবেষ্টিত দেশ থেকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কৌশল বাস্তবায়নে সহায়তা করছে।
তিনি চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা, উচ্চমানসম্পন্ন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা এবং এলএমসির নতুন “স্বর্ণালী দশক” সূচনায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি :সিনহুয়া