জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীনের ২৬তম মেডিকেল টিমের প্রশংসা করেছে জাম্বিয়া সরকার।
শুক্রবার রাজধানী লুসাকায় আয়োজিত এক সনদ প্রদান অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের উপ-সচিব সিয়াজঙ্গো সিয়াকালেঙ্গে বলেন, চীনা মেডিকেল টিমের নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু জাম্বিয়া-চীন দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেনি, বরং অসংখ্য মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, দলটির সদস্যরা বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, স্বাস্থ্যকর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও বক্তৃতার আয়োজন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি দানের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে সহায়তা করেছেন।
সিয়াকালেঙ্গে বলেন, এসব উদ্যোগ বাস্তব অর্থেই মানুষের জীবন বদলে দিয়েছে এবং বহু সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে।
যেখানে মেডিকেল টিমের অধিকাংশ সদস্য কর্মরত ছিলেন, সেই লেভি মওয়ানাওয়াসা টিচিং হাসপাতালের জ্যেষ্ঠ মেডিকেল সুপারিনটেনডেন্ট চার্লস মুতেম্বা বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতির ফলে জটিল চিকিৎসার জন্য রোগীদের বিদেশে পাঠানোর প্রয়োজন অনেকাংশে কমে এসেছে।
তিনি আরও বলেন, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা চীনা চিকিৎসকদের কাছ থেকে শুধু চিকিৎসা দক্ষতাই নয়, বরং তাদের কর্মনিষ্ঠা, পেশাগত নৈতিকতা, ইতিবাচক মনোভাব, সততা ও আন্তরিকতার মতো মূল্যবোধও শিখেছেন।
চীনা মেডিকেল টিমের প্রধান চাং ইংচিয়ান জাম্বিয়া সরকার ও স্থানীয় চিকিৎসাকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৫ সালের জুনে জাম্বিয়ায় আসার পর তারা দেশটিতে বিভিন্ন রোগের উচ্চ প্রকোপ এবং বিশেষ করে পরিপাকতন্ত্রের এন্ডোস্কোপি-সংক্রান্ত মানসম্মত রোগনির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা কাছ থেকে দেখেছেন।
তিনি বলেন, “এই সনদ শুধু একটি সম্মাননা নয়, এটি চীন ও জাম্বিয়ার গভীর বন্ধুত্বেরও প্রতীক।”
ঝাং আশা প্রকাশ করেন, তাদের গড়ে তোলা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় চিকিৎসকেরা ভবিষ্যতেও অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে জাম্বিয়ার জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।