চীন রেলওয়ে ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়ন আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সেবাভিত্তিক ভোগব্যয় বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে বুধবার প্রকাশিত এক সরকারি নথিতে জানানো হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং চায়না স্টেট রেলওয়ে গ্রুপ-সহ আটটি সংস্থা যৌথভাবে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানায়, পর্যটনকেন্দ্রিক রেলস্টেশন সংস্কার এবং পর্যটন সেবাসংক্রান্ত অবকাঠামো নির্মাণে আর্থিক ও নীতিগত সহায়তা বাড়ানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য স্থানীয় সরকারগুলোকে আইন ও বিধি অনুসরণ করে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য উৎসাহিত করা হবে, যাতে রেলভিত্তিক পর্যটন পণ্যের উন্নয়ন ও পরিচালনা আরও সম্প্রসারিত হয়।
এছাড়া, পর্যটন ট্রেনের প্রযুক্তিগত আধুনিকায়ন ও যন্ত্রপাতি নবায়নের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উন্নত ঋণসুবিধা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চীন-লাওস, চীন-কাজাখস্তান, চীন-ভিয়েতনাম এবং চীন-রাশিয়া সীমান্তবর্তী পর্যটন ট্রেন চালুর নকশা ও উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে পর্যটন কেন্দ্র, আবাসন, খাবার ব্যবস্থা এবং ক্রীড়া ইভেন্টের মতো পর্যটন সম্পদকে রেল, সড়ক ও নৌপথ পরিবহনের সঙ্গে সমন্বিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পর্যটকদের চলাচল পর্যবেক্ষণ, পূর্বাভাস ও বিশ্লেষণের জন্য একটি বৃহৎ ডেটা (বিগ ডেটা) ভিত্তিক রেলওয়ে পর্যটন তথ্যব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। এর মাধ্যমে রেলভিত্তিক পর্যটন পণ্যের পরিকল্পনা, বিপণন ও পরিচালনা আরও কার্যকর হবে।
সিএমজি বাংলা