চীন-রাশিয়ার সামরিক সহযোগিতাকে বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে দেখার আহ্বান জানিয়েছে চীন। এ নিয়ে অপপ্রচার ও অতিরঞ্জন বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ মন্তব্য করেন। সম্প্রতি চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া ও সামুদ্রিক টহল নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিয়াং বিন জানান, সম্প্রতি চীনের ছিংতাও উপকূলসংলগ্ন জলসীমা ও আকাশসীমায় দুই দেশের নৌবাহিনী ‘জয়েন্ট সি-২০২৬’ নামে যৌথ মহড়া পরিচালনা করেছে। এতে যৌথ নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে অনুশীলন সফলভাবে সম্পন্ন হয়েছে। উভয়পক্ষ এখন যৌথ সামুদ্রিক টহল কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, এসব কার্যক্রম চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। এর উদ্দেশ্য হলো সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত হুমকি মোকাবিলায় দুই দেশের যৌথ সক্ষমতা বৃদ্ধি করা। এর সঙ্গে বর্তমান আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
চীনা মুখপাত্র আরও বলেন, চীন-রাশিয়ার সামরিক সহযোগিতার সম্পর্ক—জোট গঠন না করা, মুখোমুখি অবস্থান না নেওয়া এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না করার নীতিতে পরিচালিত হয়।
এই সহযোগিতা দুই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।
সূত্র: সিএমজি বাংলা