কাজাখস্তানের রাজধানী আস্তানায় বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাষ্ট্রপরিচালনা বিষয়ক গ্রন্থ ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’-এর পঞ্চম খণ্ডের প্রকাশনা ও প্রচার অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রন্থটির পঞ্চম খণ্ডে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিংয়ের চিন্তাধারার সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হয়েছে। সমসাময়িক চীন ও চীনা ধাঁচের আধুনিকায়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণাকে সমৃদ্ধ করতে এটি একটি গুরুত্বপূর্ণ ও প্রামাণ্য গ্রন্থ।
অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের অভ্যন্তরীণ নীতি বিভাগের প্রধান এলনুর বেইসেনবায়েভ বলেন, গ্রন্থটির প্রচার অনুষ্ঠান কাজাখ ও চীনা সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও বিনিময়ের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।
তিনি বলেন, কাজাখস্তান নিজস্ব জাতীয় বাস্তবতার ভিত্তিতে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আধুনিকায়নের গতি বাড়াচ্ছে। এ যাত্রায় চীন ও কাজাখস্তানের মধ্যে অনেক মিল রয়েছে।
এলনুর বেইসেনবায়েভ আরও বলেন, গ্রন্থটিতে তুলে ধরা রাষ্ট্রপরিচালনার দর্শন ও উন্নয়ন কৌশল কাজাখস্তানের জন্যও গুরুত্বপূর্ণ এবং তা মূল্যবান অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: সিএমজি