কিরগিজস্তানে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিরোজিদ্দিন মুহরিদ্দিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য ওয়াং ই বৈঠকে উল্লেখ করেন, চলতি বছরের মে মাসে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমন সফলভাবে চীনে রাষ্ট্রীয় সফর করেছেন। ওই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন ছিল 'চীন-তাজিকিস্তান স্থায়ী সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি' স্বাক্ষর। এই চুক্তিটি সমগ্র মধ্য এশিয়ায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও জানান, উভয় পক্ষ 'নতুন যুগে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করা' শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এটি একটি অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে 'চীন-তাজিকিস্তান সম্প্রদায়' গঠনে তাদের দৃঢ় সংকল্পের প্রতিফলন।
অন্যদিকে, তাজিক পররাষ্ট্রমন্ত্রী মুহরিদ্দিন বলেন, প্রেসিডেন্ট রহমনের এবারের চীন সফর ছিল অত্যন্ত সফল এবং ফলপ্রসূ। এই সফর উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থাকে আরও সুসংহত করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি উল্লেখ করেন, চীন বর্তমানে তাজিকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার। দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাজিকিস্তান অত্যন্ত আশাবাদী।
সূত্র: সিএমজি