চীন বাস্তব জীবনের বিভিন্ন খাতে হিউম্যানয়েড রোবট ও এমবডিড ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যাপক ব্যবহার ত্বরান্বিত করতে নতুন উদ্যোগ চালু করেছে। মঙ্গলবার দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন যৌথভাবে ২০২৬ সালের কর্মপরিকল্পনা ঘোষণা করে।
এই পরিকল্পনার আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ উৎপাদন, সেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে হিউম্যানয়েড রোবটের বৃহৎ পরিসরে ব্যবহার ও পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ১০০টিরও বেশি উচ্চমূল্যের প্রয়োগ ক্ষেত্র তৈরি এবং দশ হাজার রোবট মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোবট ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে উৎপাদন শিল্প, পরিদর্শন ও বিশ্লেষণ, রক্ষণাবেক্ষণ, লজিস্টিকস, খাদ্য ও খুচরা বিক্রয়, স্বাস্থ্যসেবা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগ প্রতিরোধ।
এ ছাড়া পরিকল্পনায় উন্নত প্রশিক্ষণ ও পরীক্ষামূলক পরিবেশ গড়ে তোলা, এমবডিড ইন্টেলিজেন্সের জন্য শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি, বাস্তব পরিস্থিতিভিত্তিক ডেটাসেট উন্নয়ন এবং উচ্চক্ষমতাসম্পন্ন রোবট পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি