কিছু চীনা কোম্পানিকে ‘সামরিক প্রতিষ্ঠান’ হিসেবে তালিকাভুক্ত করার যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর বিরোধিতা জানিয়েছে চীন।
শনিবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ যে পদক্ষেপ নিয়েছে তা চীন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অর্জিত ঐকমত্য উপেক্ষা করেছে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের সামগ্রিক স্বার্থকে উপেক্ষা করে জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করেছে। পাশাপাশি, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে চীনা কোম্পানিগুলোর ওপর অন্যায্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে এবং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে।
চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এ ধরনের ‘ভুল পদক্ষেপ’ বন্ধ করে সংশ্লিষ্ট সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সিএমজি