যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা নীতির বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত কোনো একতরফা নিষেধাজ্ঞাকে বেইজিং সমর্থন করে না।
বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ মন্তব্য করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের উদ্যোগে প্রণীত। এতে রাশিয়ার অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে। সম্ভাব্য এ তালিকায় চীনের নামও রয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিন চিয়ান বলেন, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনবিহীন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।
তিনি বলেন, চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘দ্বৈত মানদণ্ড অনুসরণ এবং জবরদস্তি ও চাপ প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত আত্মঘাতী প্রমাণিত হবে।’
সূত্র: সিএমজি