জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক : পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন এবং ‘উইন ইন এআই+’এর দ্বিতীয় মৌসুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শুরু হওয়া এই আয়োজনে ১২০ জন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবক, শীর্ষস্থানীয় শিক্ষাবিদ এবং বিনিয়োগকারী অংশ নেন।
সম্মেলনের লক্ষ্য হলো চীনের এআই খাতে পরবর্তী সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠান খুঁজে বের করা। এটি দেশের ১৫তম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ঘোষিত ‘এআই+’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘উইন ইন এআই+’-এর প্রথম মৌসুমে ১৭টি বিনিয়োগ-সংক্রান্ত সমঝোতা চুক্তি সম্পন্ন হয়, যার মোট সম্ভাব্য মূল্য ৫০ কোটি ইউয়ানেরও বেশি (প্রায় ৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার)। চূড়ান্ত বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি ইউয়ান অতিক্রম করতে পারে বলে আশা করা হচ্ছে।
এবারের মৌসুমে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এরইমধ্যে হংকং এবং সিঙ্গাপুরে রোডশো অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জুলাই মাসে চীনা এআই কোম্পানিগুলো জেনেভাতে অনুষ্ঠেয় এআই ফর গুড গ্লোবাল সামিটে অংশ নিবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ এবং হাংচৌ মিউনিসিপল গভর্নমেন্ট।
সূত্র: সিএমজি