Saturday, June 20, 2026
Live

ড্রাগন বোট উৎসব ও গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম, শাংহাইয়ের থিম পার্কগুলোতে উপচেপড়া ভিড়

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
ড্রাগন বোট উৎসব ও গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম, শাংহাইয়ের থিম পার্কগুলোতে উপচেপড়া ভিড়

জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ড্রাগন বোট উৎসবের ছুটি ও গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম ঘনিয়ে এসেছে। এ উপলক্ষে শাংহাইয়ের থিম পার্কগুলোতে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিক্ষার্থী, পারিবারিক ভ্রমণ এবং বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে এই প্রবণতা আরও জোরদার হয়েছে।

জাতীয় কলেজ ভর্তি পরীক্ষা শেষ করার পর বহু উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থী বিনোদনকেন্দ্রিক ব্যয়ে ঝুঁকছেন, যা গ্রীষ্মকালীন পর্যটনে নতুন গতি এনে দিয়েছে। তারা থিম পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমাচ্ছেন।

ভ্রমণ প্ল্যাটফর্ম ফ্লিগির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ড্রাগন বোট উৎসবের ছুটিকে কেন্দ্র করে খাবার, পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রমসমৃদ্ধ প্যাকেজ বুকিং আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বেড়েছে।

প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে শাংহাই ডিজনিল্যান্ড দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে বৃহৎ আকারের দুর্গমঞ্চের অনুষ্ঠান, উন্নত প্যারেডসহ নানা নতুন কার্যক্রম ও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা চালু করেছে।

সম্প্রতি জাতীয় কলেজ ভর্তি পরীক্ষা শেষ করা চু চিসুয়ান বন্ধুদের সঙ্গে ডিজনিল্যান্ডে ঘুরতে যান। তিনি বলেন, ‘জুটোপিয়া হট পারস্যুট রাইডে চড়া, লিনাবেলের সঙ্গে ছবি তোলা ও একেবারে নতুন শো-গুলো দেখা আমাকে অনেকটা চাপমুক্ত করেছে।‘

ভিসামুক্ত প্রবেশনীতি সম্প্রসারণের ফলে চীনে বিদেশি পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে, যার প্রভাব শাংহাই ডিজনিল্যান্ডেও স্পষ্ট। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আগত দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

থাইল্যান্ডের পর্যটক আউম ইতোমধ্যে দু’বার এই পার্কে এসেছেন। তিনি বলেন যে, সাংহাইয়ের মনোরম আবহাওয়া, সাশ্রয়ী খরচ ও সহজ যাতায়াত ব্যবস্থা তাকে আকৃষ্ট করেছে। পার্কের বিভিন্ন রাইড, বিনোদন এবং বৈচিত্র্যময় খাবারের ব্যবস্থাও তার খুব ভালো লেগেছে।

গ্রীষ্মকালীন পর্যটকদের আকৃষ্ট করতে লেগোল্যান্ড শাংহাই রিসোর্ট ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত একটি গ্রীষ্মকালীন উৎসব শুরু করেছে। প্রায় চার হাজার বর্গমিটারজুড়ে গড়ে তোলা নতুন কার্যক্রম এলাকাগুলোতে ফিফা বিশ্বকাপ ও ফর্মুলা ওয়ান রেসিংসহ বিভিন্ন থিম রাখা হয়েছে।

মার্লিন এন্টারটেইনমেন্টসের ভাইস প্রেসিডেন্ট ও লেগোল্যান্ড শাংহাই রিসোর্টের মহাব্যবস্থাপক জেনেট ছেন বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশু এখানে নিজের পছন্দের কিছু খুঁজে পাক, পরিবারের সঙ্গে নতুন কিছু আবিষ্কার করুক এবং খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগ করুক।‘

শাংহাইয়ের পর্যটক তোং লিং তার পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে ফুটবল-ভিত্তিক সব ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমে অংশ নেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান ফিফা বিশ্বকাপের আবহে এসব কার্যক্রম একেবারেই সময়োপযোগী।‘

পর্যটন খাতের এই উত্থান নতুন বিনিয়োগও টানছে। শাংহাইয়ের সিনচিয়াং অ্যাকশন পার্কে হ্যারি পটার স্টুডিও ট্যুর প্রকল্পের নির্মাণকাজ চলছে। বর্তমানে সংস্কারের জন্য বন্ধ থাকা পার্কটি ২০২৭ সালে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। তখন বার্ষিক দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিনোদন পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো চীনের বাজারে বিপুল সম্ভাবনা দেখছে। ডিজনি এক্সপেরিয়েন্সেসের চেয়ারম্যান থমাস মাজলুম বলেন, ‘এই বাজারে আমরা শক্তিশালী চাহিদা দেখেছি এবং আমাদের প্রতিষ্ঠাতার ভাষায়, শাংহাই ডিজনিল্যান্ড কখনোই সম্পূর্ণ হবে না। এখানে সবসময় নতুন আকর্ষণ, নতুন অভিজ্ঞতা এবং নতুন প্রযুক্তি যুক্ত হতে থাকবে।‘

২০২৫ সালের অক্টোবরের শেষ নাগাদ ১০ কোটির বেশি দর্শনার্থীকে স্বাগত জানানোর পর শাংহাই ডিজনি রিসোর্ট একাধিক সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শাংহাই ডিজনি রিসোর্টের প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক অ্যান্ড্রু বোলস্টেইনের মতে, শাংহাই ডিজনিল্যান্ডের নবম থিমভিত্তিক অঞ্চল হিসেবে নির্মিতব্য স্পাইডার-ম্যান থিমযুক্ত এলাকার আইকনিক রোলার কোস্টারের ট্র্যাক স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া রিসোর্টের তৃতীয় হোটেল ‘শাংহাই ডিজনি এনচ্যান্টেড স্টার হোটেল’ চলতি শীত মৌসুমে চালু হওয়ার কথা রয়েছে।

চায়না ট্যুরিজম অ্যাকাডেমির সভাপতি তাই পিন বলেন, থিম পার্ক শিল্পের এই উত্থান চীনের সংস্কৃতি ও পর্যটনভিত্তিক অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.