চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ভয়াবহ বন্যার পর জরুরি পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য ৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীন সরকার। বুধবার দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এ তথ্য জানিয়েছে।
প্রায় ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ এই তহবিল মূলত ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। পাশাপাশি স্কুল, হাসপাতালসহ জনসেবামূলক স্থাপনাগুলোর জরুরি সংস্কারেও এ অর্থ ব্যয় করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা যায়।
সাম্প্রতিক টানা ভারি বৃষ্টিপাতে হুনানের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে শিমেন কাউন্টিতে প্রবল বর্ষণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ কমিশনও হুনানের জন্য জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম চালু করেছে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।