বৈশ্বিক দক্ষিণের উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বাড়াতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া।
শুক্রবার শাংহাইয়ে রাশিয়ার প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের উপপ্রধান ম্যাক্সিম ওরেশকিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠকে ওয়াং ই বলেন, পরামর্শ, যৌথ অবদান এবং সবার জন্য সমান সুফলের নীতিকে ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, সুশৃঙ্খল ও টেকসই উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথের দেশগুলোর এআই সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারেও রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
এদিকে, চলতি বছরের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নিতে শাংহাই সফররত ওরেশকিন বলেন, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা-সদস্য হতে পেরে রাশিয়া আনন্দিত।
তিনি আরও বলেন, সংস্থাটির উন্নয়নে সহযোগিতা করা এবং এআই খাতে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে রাশিয়া প্রস্তুত।
সূত্র: সিএমজি