জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: শিল্পখাতকে আরও শক্তিশালী, স্মার্ট এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শিল্প উদ্ভাবনের গভীর সমন্বয়ের ওপর জোর দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং। তিনি বলেছেন, উচ্চমানের পণ্য ও সেবার সরবরাহ নিশ্চিত করতে গুণমান ব্যবস্থাপনাকে সামগ্রিকভাবে শক্তিশালী করা জরুরি।
সম্প্রতি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে তিনদিনের এক পরিদর্শন সফরে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোই হলো উদ্ভাবনের মূল চালিকাশক্তি। তিনি দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মৌলিক গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং অত্যাধুনিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানান। মূল প্রযুক্তিগত বাধাগুলো অতিক্রম করে উদ্ভাবনী অগ্রযাত্রা বজায় রাখলে তা চীনের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করবে বলে তিনি মন্তব্য করেন।
সফরকালে তিনি হাংচৌ এবং ইউ শহরে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি, রোবোটিক্স এবং টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ভবিষ্যৎ শিল্পায়নের রূপরেখা তুলে ধরে চাং বলেন, ‘এআই প্লাস’ উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে শিল্প-নির্দিষ্ট মডেল এবং ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরির গতি বাড়ানোর ওপর জোর দেন তিনি। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিল্পায়নকে ক্ষমতায়িত করার মাধ্যমেই নতুন উৎপাদনশীল শক্তি তৈরি করা সম্ভব। এটি প্রথাগত শিল্পগুলোকে আরও স্মার্ট, সবুজ এবং সমন্বিত করে গড়ে তুলতে সাহায্য করবে।
চাং কুওছিং জোর দিয়ে বলেন, প্ল্যাটফর্ম ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। সবশেষে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের লক্ষ্যে উচ্চমানের পণ্যের সরবরাহ নিশ্চিত করা চীনের বর্তমান অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান লক্ষ্য।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।