জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং কোনো জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
রোববার ইরানেরে একটি সামরিক সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
একই দিনে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, সামুদ্রিক নেভিগেশন তথ্য অনুযায়ী ২০ জুন ইরানের সামরিক বাহিনী বন্ধ ঘোষণা করার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচল কার্যত শূন্যে নেমে এসেছে।
প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বক্তব্যের বিপরীতে বর্তমানে প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, প্রণালি দিয়ে এখনো জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং নৌপরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে এই উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিসিটিভি।